ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী পানামা খালে জাহাজের আনাগোনা বহুগুণ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় গত অক্টোবর থেকে এখন পর্যন্ত পানামা খাল দিয়ে অতিরিক্ত ৩০০টি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছেন পানামা খাল কর্তৃপক্ষের অর্থবিষয়ক প্রধান ভিক্টর ভিয়াল। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এক সভায় ভিক্টর ভিয়াল বলেন, ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা ধারণা করছি।’
হরমজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজগুলো বিকল্প পথ হিসেবে পানামা খালকে বেছে নিচ্ছে। মধ্যপ্রাচ্যের ওই জলপথ এড়িয়ে চলতে অনেক দেশ তাদের রপ্তানি পণ্য ভিন্ন রুটে পাঠাচ্ছে কিংবা বিকল্প দেশ থেকে পণ্য কিনছে। এসব জাহাজের বড় একটি অংশ এখন পানামা খাল ব্যবহার করছে।